মতলবে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির দলীয় ওয়ার্ড কার্যালয়ে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ করেছেন স্থানীয় নেতারা।

অভিযোগের পর বুধবার (১১ নভেম্বর) দুপুরে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরজমিনে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের টিনের ঘরটির একটি অংশে আগুন লাগার সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে কথা হলে এই কার্যালয়টি তদারককারী ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় স্থানীয় এক অটোরিকশা চালক এ পথে যাওয়ার সময় অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই আগুন নিভাতে সক্ষম হন।

স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বৈরাচাররাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে এটা তিনি শতভাগ নিশ্চিত করে দাবি করেন। এর আগেও আওয়ামী শাসনামলে ২০১৮ সালে তারা আমাদের দলীয় এ কার্যালয়ে আগুন দিয়েছিল বলে দাবি করেন সাখাওয়াত হোসেন ।

স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতি বিশ্বাসী। কিন্তু এভাবে দলীয় কার্যালয়ের অগ্নি সংযোগের বিষয়টি সত্যি দুঃখজনক।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খান জানান, এই ধরণের ঘটনা আমাদের সংসদ সদস্যের রাজনৈতিক দেউলিয়াত্ব। তিনি এবং তার স্বজনরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করার কারণেই আজ বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা।

ক্ষমতাসীন দল বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এটি বড় ধরনের কোন নাশকতার অংশ কি না এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ঘটনাটি তদন্ত চলমান এবং আমরা এ বিষয়ে কাজ করছি। আর এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযান চলমান রয়েছে।

এ বিষয়টি নিয়ে মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে সাংবাদিক পরিচয় দিয়ে ওনার ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি খেতে বসেছেন এবং পরে ফোন দিবেন বলে ফোনটি রেখে দেন। পরে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দলীয় ওই কার্যালয়ের তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন।

ফম/এমএমএ/

উপজেলা সংবাদদাতা | ফোকাস মোহনা.কম