ফরিদগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তেল কিনতে সাইকেলে করে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় চালক।

নিহত আবু তাহের উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা গ্রামের মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে। তিনি কড়ৈতলী বাজারের ব্যবসায়ী। দুই ছেলে ও দুই মেয়ের জনক আবু তাহের প্রায় ৩০ বছর ধরে ওই বাজারে ব্যবসা করছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে কড়ৈতলী বাজার থেকে সাইকেলে করে তেল কিনতে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন আবু তাহের। ওনুআ চত্বর এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাতা আলাউদ্দিন বলেন, আবু তাহের প্রায় তিন দশক ধরে কড়ৈতলী বাজারে ব্যবসা করতেন। সেচ ম্যানেজাররা তাঁর কাছ থেকে তেল নিয়ে সেলো মেশিনের পাম্প চালাতেন। প্রতিদিনের কাজের অংশ হিসেবেই তেল কিনতে উপজেলা সদরে এসেছিলেন তিনি। আমরা ঘাতক প্রাইভেটকারের চালকের বিচার চাই।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, দুর্ঘটনায় নিহত আবু তাহেরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম