শাহরাস্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশারকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হককে সদস্যসচিব করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার নেতাদের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম চিশতী ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ ভূঁইয়া।

অনুমোদিত কমিটিতে আবদুল মান্নানকে যুগ্ম আহ্বায়ক ও আবদুল খালেককে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ মমতাজ উদ্দিন, রঞ্জন আলী, মোঃ নুরুল ইসলাম, শফি উল্লা, মোঃ মোস্তফা পাটোয়ারী, আলী আহমদ ও কাজী শামছুল হক।

নবগঠিত কমিটির মাধ্যমে শাহরাস্তিতে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযোদ্ধাদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি জোরদারের পাশাপাশি তাঁদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে বলে তাঁরা মনে করেন।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদী আদর্শ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় দায়িত্বশীল সাংগঠনিক ভূমিকা পালন করবে।

মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা, আদর্শ ও ত্যাগের উত্তরাধিকার ধারণ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই নবগঠিত কমিটির সামনে এখন প্রধান প্রত্যাশা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম