চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব উদযাপিত

চাঁদপুর: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার মধ্য দিয়ে চাঁদপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস এবং বিশ্ববিদ্যালয়টির ৬০তম পূর্তি উপলক্ষে ‘হীরক জয়ন্তী উৎসব-২০২৬’ উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব, চাঁদপুর’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিকেল ৪টায় শহরের বায়তুল আমীন চত্বর থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৫টা থেকে চাঁদপুর রোটারী ভবনে মূল অনুষ্ঠান শুরু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব, চাঁদপুরের সভাপতি মুশতাক আহমেদ খানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ভাস্কর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা ,চাঁদপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর পরিচিতি পর্ব, প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন এবং আসন্ন ‘পিকনিক ২০২৬’ আয়োজন নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে চবির ঐতিহ্যবাহী ‘শাটল ট্রেন সংগীত’ পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও প্রাণের বন্ধন অটুট রাখতে চাঁদপুরে অবস্থানরত সকল চবিয়ানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম