কচুয়ায় শিশু ফাহমিদার রহস্যজনক মৃত্যুর পুনঃতদন্ত চেয়ে স্বজনদের মানববন্ধন

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার করইশ গ্রামের মৃর্ধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিশু ফাহমিদা আক্তারের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে তাঁদের দাবি।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় এবং ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় চাঁদপুরের বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন। পরে গত ২০ এপ্রিল আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তবে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদীপক্ষ এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি জানিয়েছে। আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে বলে জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের প্রতি তাঁরা আহ্বান জানান।

এ সময় তাঁরা শিশু ফাহমিদা আক্তারের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম