চাঁদপুর: চাঁদপুরে অবৈধ অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে রশিদ মোল্লা (৫০) নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাড়ির মালিক সিদ্দিকের বিরুদ্ধে। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল খকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকের শ্বশুরকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত রশিদ মোল্লা শরীয়তপুর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি চাঁদপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের গুনরাজদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা জেলার সিদ্দিক নামে এক ব্যক্তির কাছ থেকে নাম্বারবিহীন অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন রশিদ। গত ১০ ও ১৪ নভেম্বর ট্রাফিক পুলিশ তাঁর চালানো দুটি অটোরিকশা আটক করে। বিষয়টি গাড়ির মালিক সিদ্দিককে জানালে ওইদিন তিনি ক্ষিপ্ত হয়ে রশিদকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবারের অভিযোগ, মারধরের পর স্বজনদের কিছু না জানিয়েই রশিদকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন সিদ্দিক। সেখানে মারধরের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
রশিদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ময়না। এ ঘটনায় জড়িত ব্যক্তির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
এদিকে স্থানীয়দের দাবি, চাঁদপুর শহরের ট্রাক রোডের সাবান ফ্যাক্টরির সামনে একটি গ্যারেজে নাম্বারবিহীন অটোরিকশা রেখে ভাড়া দিতেন সিদ্দিক। এসব অটোরিকশা আটক হওয়াকে কেন্দ্র করেই চালকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকের শ্বশুরকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অটোরিকশা আটককে কেন্দ্র করে রশিদকে মারধর ও তাঁর মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফম/এমএমএ/


