চাঁদপুর সরকারি কলেজকে উড়িয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ফাইনালে

চাঁদপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে চাঁদপুর সরকারি কলেজকে ৪-০ গোলে হারিয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ফাইনালে পৌঁছে গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ২টায় চাঁদপুর স্টেডিয়ামে এই ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে চাঁদপুর সরকারি কলেজকে ৪টি গোল হজম করতে হয়। খেলার প্রথমার্ধে দারুন প্রতিযোগিতামূলক হলেও দ্বিতীয়ার্ধে চাঁদপুর সরকারি কলেজের খেলায় ছন্দপতন ঘটে।

এদিকে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ তাদের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেই খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজকে চাপের মধ্যে রাখে।

খেলার ৬৫ মিনিটে ফ্রি-কিকের মাধ্যমে প্রথম গোল হজম করে চাঁদপুর সরকারি কলেজ। এতে তাদের আরো মনোবল নষ্ট হয়ে যায়। পরে খুব অল্পসময়েই আরো ৩টি সহ মোট ৪গোল হজম করে।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ জুন) সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্নামেন্টে ৮ উপজেলার ৮ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামী শুক্রবার (২৮জুন) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন হওয়ার কথা রয়েছে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম