চাঁদপুর: পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৯ মে) পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশগ্রহন করে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
প্রথমার্ধে বিবাহিত একাদশ একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ পাল্টা গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে অবিবাহিত একাদশ জয়লাভ করে।
তবে এই আয়োজনে প্রতিযোগিতার চেয়ে বড় ছিল পুলিশ পরিবারের সম্প্রীতি ও ঈদ আনন্দের উপলক্ষটি।
খেলা শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং পুরস্কার বিতরণ করেন। এই ধরনের আয়োজন পুলিশ পরিবারের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে বলে তিনি মন্তব্য করেন।
ফম/এমএমএ/



