শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল : চ্যাম্পিয়ন খান সড়ক বয়েজ

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর শহরের ১১ ও ১২নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে উত্তর গুনরাজদি বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

জমজমাট এ ফাইনালে ১২ নম্বর ওয়ার্ডের খান সড়ক বয়েজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় স্টেডিয়াম বয়েজ দল। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ আহমেদ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

এ সময় উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির ভূঁইয়া, ফারুক ঢালীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

চ্যাম্পিয়ন হওয়ার পর খান সড়ক বয়েজ দলের টিম ম্যানেজার মো. মামুন গাজী এবং অধিনায়ক মো. রিজভী খান দলের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের শেষের দিকে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিল সামিয়া লাইট হাউস।

টুর্নামেন্টজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের আশা এ ধরণের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম