মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, চাঁদপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির ইতিহাস গড়া জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই জয়ে সারা দেশের মতো চাঁদপুরেও দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

মঙ্গলবার (২২ জুন ) রাতে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। মাঠজুড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী নারী-পুরুষ একত্রিত হয়ে বিশ্বকাপের আমেজে খেলা উপভোগ করেন।

খেলার শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মেসির প্রথম গোলের পর পুরো মাঠে আনন্দধ্বনি ছড়িয়ে পড়ে। দ্বিতীয় গোলের পর সমর্থকরা করতালি, উল্লাস ও স্লোগানে মুখর হয়ে ওঠেন। খেলা শেষে অনেককে আর্জেন্টিনার পতাকা নিয়ে বিজয় মিছিল করতেও দেখা যায়।

বিরতির সময় মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে উপস্থিত দর্শকদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে আর্জেন্টিনার জার্সি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। পুরস্কার তুলে দেন মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসাইন।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক সাদিয়া আক্তার  বলেন, ‘মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার দুটি অসাধারণ গোল আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এত বড় পর্দায় হাজারো মানুষের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আর্জেন্টিনার জয়ে আমরা ভীষণ আনন্দিত।”

চাঁদপুর রেলওয়ে কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক মাহমুদা খানম বলেন, এবারে প্রথম আমি মাঠে বসে খেলা দেখতে এসেছি। মাঠের পরিবেশ খুবই সুন্দর ও নিরাপদ ছিল। বিশেষ করে নারীদেরকে খেলা দেখার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যা সত্যিই প্রশংসনীয়।

মাঠে বসে খেলা দেখা চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচএম আহসান উল্লাহ বলেন, ‘মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্রের এই মাঠে চমৎকার একটি পরিবেশে খেলা দেখার আয়োজন করা হয়েছে। চারপাশের পরিবেশ দেখে মনে হলো যেন বিশ্বকাপ মাঠে বসে খেলা দেখছি। এজন্য মোশারফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা বলেন, মাঠে বসে খেলা দেখার আনন্দই অন্যরকম। এখানে সেই পরিবেশটি দেখতে পাচ্ছি। এবছর সারা ফুটবল উন্মাদনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য  জানান, ‘মাঠে দর্শকদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছিল। বিশেষ করে নারীদের জন্য সামনের সারিতে পৃথক বসার ব্যবস্থা থাকায় বিভিন্ন বয়সী নারী দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।’

মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, “চাঁদপুরের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। খেলাকে ঘিরে মানুষকে একত্রিত করা এবং একটি সুন্দর পারিবারিক পরিবেশ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। বিশেষ করে নারী দর্শকদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে ফুটবল এখন সব শ্রেণি-পেশা ও সব বয়সের মানুষের প্রিয় খেলা। আমরা এমন একটি চাঁদপুর শহরের স্বপ্ন দেখি, যেখানে সবাই মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করবে। যে শহরে তরুণরা মাদককে, কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধকে লাল কার্ড দেখিয়ে, শিল্প-সংস্কৃতি আর ক্রীড়াকে আলিঙ্গন করে নিবে।

আর্জেন্টিনার জয়ের আনন্দে মুখরিত চাঁদপুরের ফুটবলপ্রেমীরা আশা করছেন, মেসির নেতৃত্বে দলটি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখবে এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম