
চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় দেড় ঘন্টা (রাত ১০ পর্যন্ত) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে সংক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও দূর্ঘটনায় আহতদের সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গা মুখী একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তার পাশে ভবন নির্মাণের জন্য রাখা স্তুপীকৃত পাথরের সাথে পিছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে। এ সময় অটোরিকশা টি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক স্বপন (৩০), কচুয়ার আশ্রাফপুর এলাকার নূর ইসলামের পুত্র মো. গাজী মোকলেস (৪৬), কুমিল্লার লাঙ্গলকোট এলাকার জয়নাল আবেদীনের পুত্র মাঈনু (৩৮), মাঈনুর স্ত্রী রুমা (৩৪) ও পুত্র সামির (৮) আহত হয়। আহতদের স্থানীয় মেডিল্যাব হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক স্বপন (৩০), ও যাত্রী মো. গাজী মোকলেসকে (৪৬) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংক্ষুব্ধ এলাকাবাসী সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা ও পূর্বে বেশ কয়েকটি দূর্ঘটনায় দায়ী বালি বাহি ট্রাক চলাচল বন্ধের দাবীতে রাত ১০ টা পর্যন্ত সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করে রাখে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফম/এমএমএ/



