চাঁদপুরে নিরাপদ খাদ্য আইনে দুইজনের অর্থদন্ড

প্রতিকী ছবি।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের শান্তির বাজারে মির্জা সুইটস অ্যান্ড বেকারি নামের একটি মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে দুই আসামিকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এই আদেশ দেন। এই দিন রাতে এই তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দীন স্বপন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. খোরশেদ আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, চলতি মাসের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে দোকানে গিয়ে তাদের কারখানা পরিদর্শন করতে চাইলে অভিযুক্তগণ বিভিন্ন অজুহাতে ৪০ থেকে ৫০ মিনিট কালক্ষেপন করে বাসি ও পচা খাবার কারখানা হতে সরিয়ে নেন। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও সংশ্লিষ্টদের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরিদর্শন কাজে অসহযোগিতা করেন।

মামলাটির বিচারকালে প্রত্যেক আসামি নিজেদের অপরাধ স্বীকার করেন। তাদের অপরাধ স্বীকারের পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ দুই আসামির প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালত জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অনুযায়ী এ ধরনের অভিযান ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/