চাঁদপুর: জমজমাট আয়োজন ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
প্রতিযোগিতার পুরুষ বিভাগে শাহরাস্তি থানাকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর থানা। আর নারী বিভাগে হাইমচর থানাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে শিরোপা জিতেছে ফরিদগঞ্জ থানা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দুই বিভাগের ফাইনাল ম্যাচ উপভোগ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জেলার ৮টি থানা এবং নারী বিভাগে ৪টি থানা দল অংশ নেয়।
পুরুষ বিভাগের ফাইনালে চাঁদপুর সদর থানার সামনে দাঁড়াতেই পারেনি শাহরাস্তি থানা। শুরু থেকেই আক্রমণাত্মক নৈপুণ্যে প্রতিপক্ষকে চাপে রাখে সদর থানা। শেষ পর্যন্ত ৭০-২৪ পয়েন্টের বিশাল ব্যবধানে শাহরাস্তিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে চাঁদপুর সদর।
অন্যদিকে নারী বিভাগের ফাইনাল ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে পয়েন্টের লড়াই। শেষ পর্যন্ত ২৪-২১ পয়েন্টে হাইমচর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ থানা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি নিজে উপস্থিত থেকে দুই বিভাগের ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের প্রধানের (আইজিপি) নির্দেশনায় ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো সম্ভব।
তিনি আরও জানান, এ টুর্নামেন্ট থেকে প্রতিভাবান নারী ও পুরুষ কাবাডি খেলোয়াড়দের বাছাই করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের প্রতিনিধিত্ব করার মতো একটি শক্তিশালী ও দক্ষ দল গড়ে তোলাই এর লক্ষ্য।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ, হাইমচর থানার ওসি শাহ আলমসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সদর থানার সেকেন্ড অফিসার ফেরদৌস আলম, এসআই গাজী কালাম, ফরিদগঞ্জ থানার এসআই ফারুক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, দীপু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


