কচুয়ায় নিজ অর্থায়নে অবহেলিত গ্রামীণ রাস্তা সংস্কার করলেন আব্দুল কাহার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গ্রামীণ রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইউনিয়নের আয়মান, নোয়াদ্দা ও দোঘর এলাকার চলাচলের গুরুত্বপূর্ণ ওই সড়কের একটি অংশে বৃষ্টির পানি জমে থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আব্দুল কাহার আহমেদ মজুমদার এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ইট-বালু দিয়ে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দেন।

সংস্কারের পর বর্তমানে ওই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন স্থানীয় বাসিন্দারা। এতে সন্তোষ প্রকাশ করে আব্দুল কাহার আহমেদ মজুমদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে রাস্তাটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

নোয়াদ্দা গ্রামের সমাজসেবক আবিদ আলী বলেন, “তরুণ সমাজের আইডল আব্দুল কাহার আহমেদ মজুমদার সম্প্রতি দীর্ঘদিনের ভোগান্তির এই রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজও করে যাচ্ছেন। চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করে দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।”

আব্দুল কাহার আহমেদ মজুমদার বরইগাঁও সামাজিক সংগঠন যুব উন্নয়ন সংগঠন এবং মুরাদপুর বন্ধন সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণদের সঙ্গে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও বস্ত্র বিতরণ, ইফতারসামগ্রী দেওয়া এবং বিভিন্ন এতিমখানায় এতিমদের সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন, “যত দিন বেঁচে থাকব, তত দিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ২০০৯ সাল থেকে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজ করে আসছি। ভবিষ্যতেও আমার পরিবারের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য একটাই-প্রান্তিক মানুষের জন্য কাজ করা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি।

তবে স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কারের পাশাপাশি আয়মান, নোয়াদ্দা ও দোঘর এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত স্থায়ীভাবে পাকাকরণ করা হলে বর্ষাকালে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম