কচুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কচুয়া (চাঁদপুর): ‘প্রবীণদের মর্যাদা, অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করি’ এই প্রত্যয়কে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কচুুয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমিত রায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার এবং কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মূল্যবোধের ধারক। তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন প্রবীণের শারীরিক, মানসিক ও সামাজিক প্রয়োজনগুলোও পরিবর্তিত হয়। তাই প্রবীণদের প্রতি পরিবারের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, একটি সমাজ কতটা মানবিক ও সভ্য, তার অন্যতম মাপকাঠি হলো সেই সমাজে প্রবীণদের অবস্থান ও মর্যাদা। তাই প্রবীণদের একাকীত্ব দূর করা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “প্রবীণরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। প্রবীণদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সামাজিক সহায়তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আলোচনা সভায় প্রবীণদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, পারিবারিক যত্ন্ন, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং তাঁদের অভিজ্ঞতাকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে প্রবীণদের কল্যাণ ও তাঁদের অধিকার সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

মোঃ মহসিন হোসাইন | ফোকাস মোহনা.কম