
চাঁদপুর: নতুন টাকা ছাড়া এই প্রথম গেল ঈদুল ফিতর উদযাপন করেছে বাংলাদেশ! রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকার পরিবর্তন হওয়ার কারণেই মূলত নতুন টাকা পায়নি দেশবাসী। কিন্তু আসন্ন ঈদুল আযহাও কি নতুন টাকা ছাড়া উদযাপন করতে হবে? চাঁদপুর জেলা বাসীর এই প্রশ্নের সম্মুখীন সরকার।
গত ১ জুন সরকার ৬টি নতুন টাকার নোট উন্মোচন করলেও এখনো দেশের লোকাল ব্যাংকগুলোতে এখনো টাকা পৌছায়নি। যার ফলে গ্রাহকের হাতে এবারের ঈদেও নতুন টাকা দিতে পারছে না ব্যাংকগুলো। ফলে নতুন টাকা প্রত্যাশীরা মন খারাপ করেই ব্যাংক থেকে ফিরে যাচ্ছেন। বিগত দিন এক বছরও বাদ যায়নি নতুন টাকাবিহীন ঈদ। কিন্তু এবার সরকার নতুন টাকা ছাড়ার পরও গ্রাহকের হাতে এলো না। অথচ ঢাকার গুলিস্থানে কালো বাজারিদের হাতে দেখা গেছে বহু নতুন টাকা! গত কয়েকদিন ধরেই দিগুন দামে বিক্রি হচ্ছে ১০, ২০, ৫০ টাকার নতুন নোট। এছাড়াও ১০০ টাকার নোটও চড়া দামে বিক্রি করছে টাকা ব্যবসায়ীরা। এই টাকা কালো বাজারিদের হাতে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন অনেকেরই।
৩ জুন মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য মানুষের দীর্ঘ লাইন। এরই মধ্যে অনেকে নতুন টাকার প্রত্যাশায় গিয়েছেন। তবে নতুন টাকা না পাওয়া মন খারাপ করে ফিরছেন তারা। শামীম হোসেন নামে এক ব্যক্তি বলেন, গত ঈদে নতুন টাকা নিতে ব্যাংকে এসেছিলাম। টাকা নিতে পারি নাই। পরে শুনেছি কোরবানি ঈদে নতুন টাকা আসবে। কিন্তু এবারও ব্যাংকে এসে নতুন টাকা পেলাম না। কাইয়ুম নামে অপর আরেক ব্যাংক গ্রাহকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি গত কয়েকদিন নতুন টাকা নিতে এই ব্যাংকে আসতেছি। কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছি বার বার। এই শাখায় কে নতুন টাকা আসলো না, তা জানিনা। কিন্তু সরকার টাকা ছাড়ার পরও এবার নতুন টাকা ছাড়া ঈদ করতে হচ্ছে।
এ ব্যাপারে সোনালী ব্যাংক ছেংগারচর শাখার ব্যবস্থাপক সুমন দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, চাঁদপুর থেকে আমার এই শাখায় সবসময় টাকা আসে। কিন্তু এবার এখন পর্যন্ত নতুন আসেনি। ফলে গ্রাহকের হাতে নতুন টাকা দিতে পারছি না। অনেক গ্রাহক এসে টাকা না পেয়ে হতাশা প্রকাশ করছেন। এবং আমাদের সাথেও উচ্যবাচ্য করতে থাকে। কিন্তু আমাদের তো কিছু করার নেই।
এই বিষয়ে সোনালী ব্যাংক চাঁদপুর জেলা শাখার সিনিয়র অফিসার ইমাম হোসেন বলেন, মতিঝিল থেকে আমরা আরো আগেই নতুন টাকা চেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোন নতুন টাকা দেওয়া হয়নি। আমরা না পেলে গ্রাহকদেরকে দিব কোথা থেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মতিঝিল থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে চাঁদপুরে নতুন টাকা দিবে না।
ফম/এমএমএ/আরাফাত/


