নজরুল বর্ষে চাঁদপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা

২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে আয়োজন, অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি গাইতে হবে নজরুল সংগীত

চাঁদপুর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁদপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নজরুল বর্ষে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। এ নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠাবে এবং কার্যক্রম নিয়মিত মনিটরিং করবে।

তিনি বলেন, সরকারি নীতিমালায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলার সব স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। একইসঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি অন্তত একটি নজরুল সংগীত পরিবেশন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানার আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে তুলতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, চাঁদপুর আহমেদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মদ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম