চাঁদপুর: চাঁদপুর শহর জামায়াতের তিনটি ইউনিটের নেতৃত্বে রদবদল আনা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে রুকনদের সরাসরি ভোটে চাঁদপুর পৌর জামায়াতের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের নতুন সভাপতি নির্বাচিত হন নেতারা।
নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন ওমর ফারুক এবং ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মো. শরীফ খান।
এদিকে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মু. গোলাম মাওলা।
নতুন নেতৃত্বকে পরিচিত করিয়ে দিতে শনিবার রাত ৯টায় জেলা জামায়াতের মিলনায়তনে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইফুদ্দিন মো. সালেহ সভা পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম এবং সেক্রেটারি গোলাম ফারুক ইয়াহইয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাই শ্রমিকদের মধ্যে দাওয়াতি কার্যক্রম জোরদার করার পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার আদায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখা আগের চেয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি সবুজ খান, শ্রমিক নেতা ফয়সাল খান, আক্তার হোসেন দেওয়ান, সুলতান মাহমুদ, শাহাদাত, মমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/



