চাঁদপুর : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশপাশি প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদেরও দায় রয়েছে। দায়িত্ব নিয়ে পালন না করলে ভালো ফল পাওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান উন্নয়নে প্রতিমাসে অভিভাবক সমাবেশ ও জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। আর এসব কাজের অগ্রগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত জানাতে হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি, প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যূত্থানের পরে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি করে দিয়েছি। আপনারা ছয় মাসে প্রতিষ্ঠানগুলোর কি ধরণের প্রদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করেন তার ওপর নির্ভর করবে পরবর্তী কমিটি। যারা দায়িত্ব নিয়ে বসে থাকবেন তাদেরকে রাখার প্রয়োজন হবে না।
এই নেতা বলেন, আগামী এসএসসি পরীক্ষার পূর্বে শিক্ষকদেরকে পরীক্ষার্থীদের জন্য সময় ব্যয় করতে হবে। অভিভাবক সমাবেশ নিশ্চিত করবেন। সেখানে অভিভাবকরা উপস্থিত হলে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উপদেশমূলক কথাগুলো বলতে পারবেন। বিশেষ করে মাদক থেকে দূরে রাখা, খেলা-ধুলার প্রতি মনোযোগী হওয়া, কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়া। আপনাদের উৎসমূলক বক্তব্যে অভিভাবকরাও তাদের সন্তানদের প্রতি আরো যত্নশীল হবে।
মানিক বলেন, নির্বাচিত হয়ে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনী এলাকায় যদি শিক্ষার হার বৃদ্ধি পায় এবং মান উন্নত হয়, তাহলে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তাহলে তিনি আপনাদের জন্য বরাদ্দ দিতে আগ্রহী হবেন। প্রধানমন্ত্রী চান এই প্রজন্ম শিক্ষা, খেলা-ধুলা ও সংস্কৃতিতে এগিয়ে যাক। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হকিমা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতিদের মধ্যে বক্তব্য দেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কবির হোসেন রনি।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মিঠু, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুল হাসান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুকবুল হোসেন।
শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য দেন পশ্চিম সকদি আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজির আহমেদ, মৈশাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ।
সভা শেষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধানদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরাক্কাবাদ সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম এবং গীতা পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।
ফম/এমএমএ/




