চাঁদপুর আনন্দ বাজার এলাকা মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা আনন্দ বাজার আল ফালাহ জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান থানা কমিটির সহসভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টুর উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

আল ফালাহ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা মো. শহীদুল্লাহ দর্জির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়া এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। সবার সার্বিক সহযোগিতা ও সচেতনতা থাকলে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা সম্ভব।’

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা প্রতিনিয়ত সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। তরপুরচন্ডী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কাজী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব ও দায়বদ্ধতা। এ সামাজিক আন্দোলনে রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবী, শ্রমজীবী, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদকের বিষয়ে অত্যন্ত কঠোর ও সচেতন। তরপুরচন্ডী ইউনিয়নকে মাদকমুক্ত করার যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে বিগত সরকারের আমলে নিহত ও আহত বিএনপির নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ সাদী।

এ সময় তরপুরচন্ডী ইউনিয়নবাসীর পক্ষ থেকে নদীভাঙনকবলিত আনন্দ বাজার এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।

সচেতনতামূলক এ কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম