নদীপথে ট্রলারে এসে লেয়ার ফার্মে ডাকাতি, স্টাফকে পিটিয়ে আহত

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়া কান্দি গ্রামে ধনাগোদা নদীর পাড় ঘেঁষে অবস্থিত মেসার্স মোহাম্মদীয়া লেয়ার ফার্মে ট্রলারে করে এসে ডাকাতির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে প্রবেশ করে স্টাফদের মারধর, অফিস ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ফার্ম কর্তৃপক্ষ। এ ঘটনায় জিলানী নামে এক স্টাফ আহত হয়েছেন।

ফার্মের স্টাফ জিলানী জানান, রাত ৩টার দিকে ডাকাত দল ফার্মে এসে প্রথমে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মারধর করা হয়। একপর্যায়ে একজন স্টাফকে শর্টগান দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ডাকাতরা ফার্মে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। যাওয়ার আগে ১০ মিনিটের মধ্যে ফার্ম ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হয়।

ফার্মের মালিক মো. রাসেল দেওয়ান বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে নদীপথে ট্রলারে করে একদল ডাকাত ফার্মে হামলা করে। তারা স্টাফদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে মারধর করে। পরে অফিস কক্ষে ঢুকে ম্যানেজার ও স্টাফদের জিম্মি করে ক্যাশ থেকে ৪৫ হাজার টাকা এবং তার মানিব্যাগে থাকা আরও ৮ হাজার টাকা নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার এক স্টাফকে পিস্তলের বাট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তাদের সবার কাছেই পাইপগানের মতো শর্টগান জাতীয় অস্ত্র ছিল। যাওয়ার সময় স্টাফদের ফার্মে কাজ না করে চলে যেতে এবং মালিককে ব্যবসা বন্ধ করতে বলার জন্য হুমকি দেওয়া হয়।

রাসেল দেওয়ান আরও বলেন, ডাকাতরা ফার্মের সিসিটিভি ক্যামেরা ও ডিভাইস ভাঙচুর করে নিয়ে গেছে। পাশাপাশি স্টাফদের ব্যবহৃত মোবাইল ফোনও লুট করে নিয়ে যায়। অস্ত্রের মুখে হুমকির কারণে ফার্মে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় তিনি মতলব উত্তর থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার ও মতলব উত্তর থানা পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ফার্মের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবির হুসনাইন সানীব বলেন, বিষয়টি মতলব উত্তর থানার ওসি তাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে বিস্তারিত জানার জন্য থানায় নেওয়া হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম