চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। সহকর্মীরা প্রস্তুত করেছিলেন বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট। কিন্তু সেই আয়োজনের দিনেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাঁকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই মর্মস্পর্শী ঘটনা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তাঁর জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোররাতে আসে তাঁর মৃত্যুর খবর। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত প্রায় ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, স্যারকে বিদায়ি অনুষ্ঠান ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাঁকে চিরবিদায় দিতে হলো। তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।
মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনের শেষ সময়ে সহকর্মী-শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার বদলে কফিনে করে বিদ্যালয়ে তাঁর ফিরে আসার দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।
ফম/এমএমএ/




