চাঁদপুর: চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভায় অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে আইনি সহায়তা আরও জোরদার, মামলা আপস-নিষ্পত্তি বাড়ানো এবং জেলা লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মাণে সরকারি জায়গা খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগস্ট মাসে ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি ১৩৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক কাজ করছে। সাধারণ অসহায় মানুষের জন্য লিগ্যাল এইড কমিটির দ্বার উন্মুক্ত। প্রচার-প্রচারণা বাড়ায় মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ আইনি সহায়তা নিতে আসছেন এবং মামলা আপস-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে।
তিনি বলেন, মামলা আপস-নিষ্পত্তিতে লিগ্যাল এইডের আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
জেলা লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সামছুন্নাহার বলেন, সরকার ইতোমধ্যে নিজস্ব অফিস ভবনের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এখন উপযুক্ত সরকারি জায়গা পাওয়া গেলে সেখানে ভবন নির্মাণ করা হবে। এ জন্য জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা চীফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের পরিচালনায় সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় জানানো হয়, আগস্ট মাসে লিগ্যাল এইডের মাধ্যমে ১২টি মামলা দায়ের, ৫টি মামলা নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ১০২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪০টি সফলভাবে নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮টি।
ফম/এমএমএ/



