মতলব উত্তর (চাঁদপুর): তরুণ সমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জিয়া স্মৃতি সংসদ (জাসাস) এর ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সরকার।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে গোল্ডকাপ উত্তর ইসলামাবাদ চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ ম্যাচ খেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকির হোসেন আরও বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই ধারাবাহিকতায় যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে।
ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি মোঃ মুসা সরকার এবং যুবদল নেতা মোঃ কবির হোসেন প্রমুখ। এছাড়াও টূর্ণামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধারাভাষ্যকারে ছিলেন তিহাম খন্দকার। খেলায় বেগমপুর স্পোর্টিং ক্লাব বনাম মধ্য ইসলামাবাদ একাদশ অংশগ্রহন করেন। ১-০ গোলে বেগমপুর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফম/এমএমএ/



