
চাঁদপুর: চাঁদপুর শহরের স্টেডিয়াম মার্কেটে অবস্থিত খন্দকার অক্সিজেন নামের একটি দোকানে হামলা চালিয়ে ম্যানেজারকে মারধর এবং ৫টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ পাঠানসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে স্টেডিয়াম মার্কেটের খন্দকার অক্সিজেন দোকানে একটি খালি সিলিন্ডার নিয়ে আসে অভিযুক্তরা। দোকানের ম্যানেজার রেজাউল করিম ফাহিম (২২) জানান, দোকানের নিয়ম অনুযায়ী একটি খালি সিলিন্ডারের বিপরীতে একটি পূর্ণ সিলিন্ডারই সরবরাহ করা হয়। কিন্তু অভিযুক্তরা একটি খালি সিলিন্ডারের বিপরীতে তিনটি সিলিন্ডার দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। এতে তার নাক-মুখে আঘাত ও নীলাফুলা জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা একটি রিকশা এনে দোকান থেকে ৫টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকার জয়নাল, বাবুলসহ আরও অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় রেজাউল করিম ফাহিম বাদী হয়ে মাসুদ পাঠান (৩৮) ও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে চাঁদপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফম/এমএমএ/



