
চাঁদপুর : চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার অন্যতম আসামি এবং ঢাকার যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হান্নান মিয়া চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মফিজ মিয়া।
পুলিশ জানায়, হান্নান মিয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা ছাড়াও আরও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ঘটনায় সন্ত্রাসী মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ফম/এমএমএ/



