
কচুয়া (চাঁদপুর) : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সামিহা আক্তার নুহা। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সামিহা আক্তার নুহা কচুয়া উপজেলার ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয় ও উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
নুহার বাবা কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন কন্যার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নুহার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের নিরন্তর সহযোগিতা এবং শুভানুধ্যায়ীদের দোয়া ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে সামিহা আক্তার নুহা বলে, আমি লেখাপড়ার মাধ্যমে নিজেকে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সে সকলের কাছে দোয়া কামনা করে।
এদিকে নুহার এ গৌরবোজ্জ্বল সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে কচুয়ার সুনাম আরও বৃদ্ধি করবে।
ফম/এমএমএ/



