চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে অভিযানকালে পুলিশ সুপার শহরের ওয়ারলেস মোড়ে সরাসরি উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি ও অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
একই সময়ে শহরের কালিবাড়ি মোড়ে পৃথক ট্রাফিক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান।
অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করবে বলে জেলা পুলিশ জানিয়েছে।
ফম/এমএমএ/



