ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় গ্রেফতারকৃত আসামি ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ডাকবাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি খায়রুল আবেদীন স্বপন, ব্যবসায়ী বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজারের সাবেক ইজারাদার আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, আব্দুস সালাম শান্ত, হাবিবুন নবী সুমন, শফিকুল ইসলাম, কাজী ফরহাদ হোসেন এবং ইসমাইল হোসেন আবেগসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন,কচুয়ার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ওবায়েদ উল্লাহ ভুলন চাঁদাবাজ ও ভূমিদস্যু। কচুয়ার দক্ষিণ অঞ্চলে মাদক ব্যবসা,সাধারণ মানুষের দোকান দখল, ভূমি দখল, নিজের পরিবারসহ এলাকার লোকজনের উপর অত্যাচার ও নির্যাতন  করে আসছে ওবায়েদ উল্লাহ ভুলন। তার অত্যাচার ও নির্যাতনে থেকে বিএনপির দলীয় নেতা কর্মীরা রক্ষা পায়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন,  শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস নির্মূল করতে অপরাধী ওবায়েদ উল্লাহ ভুলনের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে কচুয়া বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও ওবায়েদ উল্লাহ ভুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে  কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম