চাঁদপুর: চাঁদপুরে সরকার নির্ধারিত ফি অপেক্ষা অধিক মূল্যে সেবা প্রদান, প্রবাসীদের হয়রানি করা ও ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে কম্পিউটার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের ওয়ারলেস ফিশারী গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত ফি অপেক্ষা অধিক মূল্যে সেবা প্রদান, প্রবাসীদের হয়রানি করা ও ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে সম্পূর্ণ কম্পিউটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অপরাধ হতে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় উপস্থিত মিতু আক্তার নামে একজন প্রবাসীর কাছ থেকে কাজ না করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রেক্ষিতে আদায়কৃত অর্থ ফেরত প্রদান করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



