
কচুয়া (চাঁদপুর) : চাঁদপুর জেলার জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কচুয়া থানার একাধিক কর্মকর্তা মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে অর্থ ও সম্মাননা পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মদক্ষতা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( বেস্ট ওসি) নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তাঁকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।
এদিকে, চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেনকে নগদ অর্থ এবং তাঁর সহযোগী এসআই (নিঃ) ফ. ম. শাহজাহানকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অন্যদিকে, কর্মদক্ষতা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এসআই (নিঃ) নোমান হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই (বেস্ট এসআই) নির্বাচিত হন। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এছাড়া ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলামকে নগদ টাকা এবং এএসআই (নিঃ) মো. মফিজুল ইসলামকে নগদ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসব কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
ফম/এমএমএ/



