শাহরাস্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা

শাহরাস্তি (চাঁদপুর): হামের সংক্রমণ কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে উপজেলা পর্যায়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান জানান, আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন এবং কমিউনিটি পর্যায়ে ৮ দিন টিকা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাইফুল ইসলাম, ডা. মুনতাসিব মাহতাব ফাহিম, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম