মাদ্রাসার রুম দখল করে জামায়াত নেতার খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ ও বিতরণ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদ্রাসার কক্ষে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ ও সেখান থেকেই বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার দক্ষিণ পাশের একতলা ভবনের পূর্ব কক্ষে শনিবার বিকেলে ট্রাকভর্তি চাল এনে রাখা হয়। পরদিন রবিবার ওই কক্ষ থেকেই খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়।

অভিযোগ রয়েছে, কর্মসূচির ডিলার ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা জসীম উদ্দীন চালগুলো মজুদ ও বিতরণ করেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, সরকারি খাদ্য বিতরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ ব্যবহার করা ঠিক নয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিয়ম-কানুন নিয়েও প্রশ্ন উঠে।

অন্যদিকে, কিছু সুবিধাভোগীরা জানান, কাছাকাছি স্থান থেকে চাল পাওয়ায় তাদের জন্য সুবিধা হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাদ্রাসার কক্ষে চাল রাখা ঠিক হয়নি। তবে এলাকায় জায়গা না থাকায় সেখানে রাখা হয়েছে। চাল বিতরণের সময় শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হয় বলেও জানান তিনি।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জসীম উদ্দীন বলেন, মাসে একবার চাল বিতরণ করা হয়। মাদ্রাসার কক্ষটি খালি থাকায় অস্থায়ীভাবে সেখানে চাল রাখা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদ্রাসার কক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংরক্ষণের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম