চাঁদপুর: চাঁদপুর মেডিকেল কলেজের ব্যাচ-৮ (সেশন ২০২৫-২৬) এর পরিচিতির সভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) দুপুর ১২টায় শহরের পৌর ভবনের ৪র্থ তলায় মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমার সামনে উপস্থিত সন্তান তুল্য শিক্ষার্থীরা ও অভিভাকরা সবাইকে আমার সালাম। চাঁদপুর মেডিকেল কলেজ আমাদের জন্য আসলে সৌভাগ্য। এ কলেজ থেকে প্রথম ব্যাচ ডাক্তার হয়ে বেরিয়ে গেছে। দ্বিতীয় ব্যাচ ইন্টারনী করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চাঁদপুর মেডিকেল কলেজের উন্নয়নে আমরা চেষ্টা করছি। আশাকরি মেডিকেল কলেজের জায়গা অধিগ্রহণ শেষ হবে। চাঁদপুর মেডিকেল কলেজটি নদীর পাড়ে অত্যান্ত নান্দনিক ভাবে তৈরি করা হবে। এটি শুধু মেডিকেল কলেজ’ই, এখানে ৫০০ বেডে হাসপাতাল ও নার্নিং ইনিটিটিউট হবে।
তিনি আরো বলেন, যারা মেডিকেল কলেজে পড়ালেখা করছো এটা গৌরবের জায়গা। ভৌগোলিক কারণে বাংলাদেশের সবাই চাঁদপুরকে ইলিশের শহর হিসেবে জানে। এখানে উপস্থিত অভিভাবকদের বিনয়ের সাথে বলবো আপনারা ভাববেন চাঁদপুরে আপনাদের সন্তানদের একজন অভিভাবক আছে শেখ ফরিদ আহমেদ মানিক। যেকোন সমস্যায় আমার কাছে আসলে, সমাধান হবে।
তিনি বলেন, আপনারা সবাই অবগত আছেন আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবেন। ঐদিন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেলা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।
প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজের সার্বিক তুলে ধরেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) এবং সিএইচএমসি ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদ।
চাঁদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স বিভাগের প্রভাষক ডা. শুকতারা এ্যানি ও ফিউওলজি বিভাগের প্রভাষক ডা. মিঠু মালাকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম পাটোয়ারী, ডা. মিজানুর রহমান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাঈমুল হক ও জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৭ম ব্যাচের শিক্ষার্থী সিয়াম হোসেন, তানজিলা আলম এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জারিফ জাহিন হোসাইন, আছমা খানম।
অনুষ্ঠানে শুরুতে চাঁদপুর মেডিকেল কলেজের ব্যাচ-৮ সেশনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝিসহ চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।


