চাঁদপুর: দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, চলমান পরিস্থিতিতে যুবদলের করণীয় এবং কেন্দ্রীয় যুবদল ঘোষিত দিকনির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা যুবদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে জনগণের পাশে দাঁড়ানো এবং যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদারসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় চাঁদপুর জেলা, ৮টি উপজেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক, ১৫টি ওয়ার্ড এবং ১৪টি ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
ফম/এমএমএ/


