চাঁদপুরে লাইসেন্স ছাড়াই চানাচুর উৎপাদন, জরিমানা ও কারাদণ্ড

চাঁদপুর : চাঁদপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই চানাচুর উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার দায়ে আল মদিনা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে আল মদিনা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে চানাচুর উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া চানাচুর ও আচার পণ্য মোড়কজাতের প্রয়োজনীয় সনদ ছাড়াই উৎপাদন ও বিক্রয় করা হচ্ছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইনে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানটি নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদ বলেন, খাদ্যপণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় লাইসেন্স ও প্রয়োজনীয় সনদ ছাড়া পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে চাঁদপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আরও জোরদার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম