চাঁদপুর : দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন চাঁদপুর পৌরসভার ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী। প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ফুলেল ভালোবাসা আর স্মৃতিচারণে উৎসবমুখর পরিবেশে তাঁকে দেওয়া হয়েছে বিদায়ী সংবর্ধনা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ বিদায়ী সংবর্ধনা। অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় অনেকের চোখে-মুখে ছিল আবেগ ও প্রিয় শিক্ষককে হারানোর বেদনা।
দীর্ঘ কর্মজীবনে মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। এর আগে তিনি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর আন্তরিকতা ও দায়িত্ববোধ সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ।
৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুপ্রিয় তত্ত্ব সানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। তাঁদের মধ্যে প্রাথমিক শিক্ষা ইন্সপেক্টর রাশেদা আতিক, মতলব উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঃ হাই, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় চাঁদপুর সদর ও পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়,এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী যে অবদান রেখেছেন, তা তাঁর কর্মজীবনের অন্যতম অর্জন। অবসর জীবনে তিনি সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করবেন,এ প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে প্রিয় প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। ভালোবাসার স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় উপহারসামগ্রী। বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশে যেন বারবার ফিরে আসছিল দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি।
প্রিয় শিক্ষকের বিদায়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল ভালোবাসা ও বিষণ্নতার ছাপ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নিলেও তাঁদের হৃদয়ে একজন প্রিয় শিক্ষক হিসেবে মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন,এমনটাই ছিল পুরো আয়োজনের আবেগঘন বার্তা।
ফম/এমএমএ/


