চাঁদপুর : এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে জেলা-ভিত্তিক সাধারণ বৃত্তি পেয়েছে চাঁদপুরের শাহরাস্তির শিক্ষার্থী শাহজাদি সারিকা। শাহরাস্তি পৌরসভার পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে ১১৪৬ নম্বর পেয়েছে। তার পরীক্ষার রোল নম্বর ১৮১৩৯৫। শাহজাদির বাবা মো. রুহুল আমিন সাংবাদিক হিসেবে কর্মরত।
পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গেও যুক্ত শাহজাদি। ছোটবেলা থেকেই কবিতা লেখে সে। তার লেখা কবিতা নিয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। দেশাত্মবোধক গানের শিশু শিল্পী হিসেবেও জেলা পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছে। উপস্থিত বক্তৃতাতেও রয়েছে তার আগ্রহ।
বই পড়ার প্রতিও শাহজাদির আগ্রহ রয়েছে। বিভিন্ন লেখকের ছোটগল্প পড়তে পছন্দ করে সে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি শামছুল হকসহ বিভিন্ন লেখকের লেখা তার পছন্দের।
শাহজাদির বাবা মো. রুহুল আমিন ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন। শিক্ষকতাও করেছেন তিনি। বর্তমানে মানবাধিকার বিষয়ে কাজ করার পাশাপাশি শাহরাস্তি থেকে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করছেন। মা ফয়জুন্নেছা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি শাহরাস্তি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তিন বোনের মধ্যে শাহজাদি সবার ছোট। বড় বোন শাহজাদী সাকেরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিষয়ে সপ্তম সেমিস্টারে পড়ছেন। মেজো বোন শাহজাদী সাবিহা আমিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় দ্বিতীয় বর্ষে পড়ছেন।
নিজের ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা ও গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শাহজাদি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। নিজের পথচলায় সবার দোয়া চেয়েছে শাহজাদি সারিকা।
ফম/এমএমএ/



