‘মাদকের বিরুদ্ধে অবস্থান কঠোর ও আপসহীন: মতলব উত্তরের ওসি’

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফতেপুর পশ্চিম ইউনিয়নে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুল হাসান বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘মতলব উত্তর থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে মাদকাসক্তদের ঘৃণা না করে সচেতনতা, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

পরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন মতলব উত্তর থানার এসআই ময়নাল হক, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন আলাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম