মতলব উত্তর (চাঁদপুর) : ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’-এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) বিকেলে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভা শেষে র্যালিটি বের হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, নিশ্চিন্তপুর মসজিদের খতিব ইমান হোসাইন মোস্তাফী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাদুসুল ইসলাম মমিন লস্কর ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ওসি কামরুল হাসান বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত মাদকবিরোধী কর্মসূচি পালন করা হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পরে র্যালিটি নিশ্চিন্তপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে দুর্গাপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফম/এমএমএ/আরাফাত/



