মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি: সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান পুলিশের

মতলব উত্তর (চাঁদপুর): মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশের কর্মকর্তারা। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মসজিদের ইমাম, পুরোহিত এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে মিলারচর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব, এর বিস্তার রোধ এবং মাদক নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এর প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে নিয়মিত কর্মসূচি গ্রহণ এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম