খেলাধুলার মাধ্যমে মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধের আহ্বান

"চান্দ্রায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ"

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও চান্দ্রা ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।চান্দ্রা ইউনিয়নসহ পুরো চাঁদপুরকে মাদক ও কিশোরগ্যাংমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক কঠোর বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাডভোকেট শাহজাহান খান আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আরও জোরালোভাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং গণমানুষের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত রাখব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম সারোয়ার চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী মোঃ আমজাদ হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম, যুবনেতা সুজন জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা।

ক্রীড়ানুরাগী মোঃ জাকির হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় তরুণ ও যুব খেলোয়াড়রা অংশ নেন।
এসময় স্থানীয় শিশু-কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী দর্শকরা খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে উপস্থিত খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট শাহজাহান খান।

আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, কিশোরগ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার হবে।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম