শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চিতোষী পশ্চিম ইউনিয়নের নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে অনুমোদনবিহীনভাবে ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে খেড়িহর গ্রামের বাসিন্দা মো. ইসমাইলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া নরিংপুর, পশ্চিম চিতোষী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্য উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/




