শাহতলী জিলানী চিশতী কলেজে এসএসসি কৃতীদের সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা অংশ নেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে তাঁর দাদা শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা কাছের প্রতিষ্ঠানে ভর্তি হলে সময় ও অর্থ সাশ্রয় হবে। জিলানী চিশতী কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কলেজের শিক্ষক মাওলানা ছোহাইল আহমেদ চিশতীসহ অন্যরা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাবিহা আনহা, মারজিয়া ইসলাম লামিয়া, রুবাইয়া বিদুন ও মেহেরুন নেছা।

অনুষ্ঠানে দুই বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চারজনসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

পরে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল পর্যালোচনা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী ও প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম