মতলবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত

মতলব উত্তর (চাঁদপুর):  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জশনে জুলুসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন মাদ্রাসা, দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ।

রোববার (১৬ আগস্ট) সকালে ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের মাজার জিয়ারত ও গদ্দিনশীন পীর মাওলানা মাসুদ আহমেদ রেফায়ী আল-ওয়েসীর দোয়ার মধ্য দিয়ে এ দাওয়াতি কার্যক্রম শুরু হয়। পরে নেতৃবৃন্দ মতলব উত্তরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।
ডেমড়া ওয়াশা গেইট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহ মো. বদিউজ্জামান বাহারের কাফেলায় এ দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামাত, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. বুলবুল আহমেদ মাস্টারের সার্বিক তত্ত্বাবধান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফুল ইসলাম জিহাদী, হাফেজ মো. রেজাউল করিম ফারুকী, মো. শফিকুল ইসলাম ও মোঃ বাছির আহমেদ, আব্দুস সাত্তার প্রধান, সৈয়দ হোসেন মিজিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে ফরাজিকান্দি ওয়েসিয়া দরবার শরীফ, হাসিমপুর দরবার শরীফ, দশানী মাদ্রাসা, আউলিয়াভাগ মাদ্রাসা, নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃবৃন্দের পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়া হয়।

এ সময় গদ্দিনশীন পীর মাওলানা মাসুদ আহমেদ রেফায়ী আল-ওয়েসী দেশবাসীর উদ্দেশে বলেন, দ্বীন প্রচারের স্বার্থে সুন্নি জামাতের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ২২ আগস্ট শনিবার জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ মিছিলে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম