মতলবে খাল দখল-ভরাটে জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ছবি: সংগ্রহীত।

মতলব উত্তর (চাঁদপুর): খাল দখল ও ভরাটের কারণে টানা বৃষ্টির পানি নামতে পারছে না। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর ও কাচারিকান্দি গ্রামের বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল দখল করে বাড়িঘর নির্মাণ এবং কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন খালটি পুনঃখনন ও দখলমুক্ত না করায় বর্ষা এলেই পরিস্থিতি আরও খারাপ হয়। সামান্য বৃষ্টিতেও পানি জমে থাকে দীর্ঘ সময়।

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জিলানী বলেন, এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়। সরকারি খাল ভরাট করে কয়েকজন বাড়ি করেছেন।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী নাজমুল বলেন, জনগুরুত্বপূর্ণ এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এলাকাবাসীর দাবি, দ্রুত খালটি দখলমুক্ত ও পুনঃখনন করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা করা হোক। আগামী বর্ষার আগেই স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম