চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার উদামদি পাম্প হাউজসংলগ্ন আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামের ‘কানা’ হারুনের ছেলে রুবেল, বাচ্চু প্রধানের ছেলে মাহাবুব, একই গ্রামের কাউসার এবং গাজীপুর এলাকার এক যুবক। কাউসারের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদামদি পাম্প হাউজের পাশের একটি বাড়িতে চার যুবক ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সেখানে গিয়ে চারজনকে হাতেনাতে আটক করেন। এ সময় তাদের গণধোলাই দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার যুবককে হেফাজতে নিয়ে থানায় যায়।
মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, স্থানীয় জনতা ইয়াবাসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফম/এমএমএ/



