চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে আয়-ব্যয় শেষে ১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা এবং উন্নয়ন আয় ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা।
বাজেট সভায় পৌরবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। তাঁরা পৌরসভার অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, ‘আমিও একজন পৌর নাগরিক। আপনাদের মতো আমিও পৌরসভার অনেক সেবা থেকে বঞ্চিত। শাহরাস্তি পৌরসভাটি আরও উন্নত হওয়ার প্রয়োজন ছিল। আমি যতদিন দায়িত্বে থাকব, পৌরবাসীর সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাব।’
অনুষ্ঠানে শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাংবাদিক মো. হানিফ মিয়াজী, যুবদল নেতা আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান ও পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



