চাঁদপুর: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রধান ক্যাম্পাসের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আমিন সোসাইটির সেক্রেটারি, আল-আমিন কলেজের গভর্নিং বডির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, পরীক্ষার আগ পর্যন্ত মোবাইল ফোন বাবা-মায়ের কাছে জমা রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। খারাপ সঙ্গ, মাদকাসক্ত ও ধূমপায়ী বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। সৎ সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর অসৎ সঙ্গ ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাবা-মায়ের কথা মেনে চলতে হবে, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি আরও বলেন, আল-আমিন নামটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর উপাধি থেকে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করতে হবে। আমাদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আমাদের জাগিয়ে রাখে এবং লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে। আমরা যেন সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারি এবং একজন যোগ্য নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে পারি।
আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জিএম রাসেল। হামদ পরিবেশন করেন আব্দুল্লাহ সোহেল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ ভূঁইয়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান ও মিরাজ হোসেন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, অধ্যাপক মো:শাহ আলম, বিএমটি শাখার প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মোস্তফা এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আলী।
অনুষ্ঠান শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/



