চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে। এই খেলা প্রতিবছর চলবে। এতে করে প্রতি বছর নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে।
তিনি বলেন, তোমাদের খেলা অনেক ভাল হয়েছে। তবে আমি মতলবের সাপোর্টার ছিলাম। খেলাধুলা শেষ মানে মাঠেই শেষ, তা আর মনে রেখে মন খারাপ করা যাবে না। এতে করে তোমাদের মন ভাল থাকবে, আর লেখাপড়ায় মনযোগী হতে পারবে। যারা খেলায় অংশ নিয়েছে তাদের নাম, মোবাইল নাম্বার আমাকে দিয়ে যাবেন, আমি তাদের উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেব। বর্তমান সরকার খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী আমাদেরকে দেন, আমি সবার উপহার বাসায় বাসায় পৌছে দেব। তোমাদের বয়সে যখন আমি খেলতাম তখন তোমাদের থেকে ভাল খেলতাম না।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুছাদ্দেক হোসেন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেকে।
টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় মতলব উত্তর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় হাইমচর চর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় সদরের হাসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম